By Shanjid Shane 🕒 অক্টো 31, 2023
হামাসের সুড়ঙ্গে ঢুকে পড়েছে ইসরায়েলি সৈন্যরা, গাজায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু: ইউনিসেফ
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কের ভেতরে গোষ্ঠীটির সদস্যদের ওপর হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই জানিয়েছে ইউনিসেফ।
মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বিস্তৃত সুড়ঙ্গে ঢুকে সৈন্যদের হামলা চালানোর এই তথ্য জানিয়েছে।
গাজায় ইসরায়েলের সম্প্রসারিত স্থল হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে গাজায় হামাসের তৈরি বিশাল বিস্তৃত সুড়ঙ্গকে।
ইসরায়েলের বোমা হামলায় এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। আর হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, গত দিন আইডিএফের যৌথ বাহিনীর সদস্যরা গাজায় হামাসের প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলায় ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, রকেট ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। গাজার সুড়ঙ্গে হামাসের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরায়েল।
বিবৃতিতে বলা হয়েছে, হামাসের যোদ্ধারাও ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক থেকে গুলি ছুড়েছে। আইডিএফ বলেছে, ‘সৈন্যরা হামাসের যোদ্ধাদের হত্যা করেছে এবং বিমান বাহিনীকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও অবকাঠামোতে রিয়েল-টাইম হামলার নির্দেশ দিয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা গাজায় হামাসের সুড়ঙ্গজুড়ে তুমুল সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন। তারা বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সোমবার গাজার উত্তর থেকে দক্ষিণমুখী একমাত্র প্রধান সড়কটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সময়ে দুই দিক থেকে গাজার প্রধান শহরে হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে, তাদের সৈন্যরা হামাসের জিম্মিদশা থেকে ইসরায়েলি এক সৈন্যকে মুক্ত করেছে।
এদিকে ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেছেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে, তাদের ভাগ্য এখনও অজানা।
রাসেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এবং সংঘাত-শত্রুতা যদি শেষ না হয়, তাহলে আমি এই অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।’
হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী এমনটাই জানিয়েছে নিউজ ২৪
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.